বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, "চব্বিশের গণআন্দোলনের পর ছাত্ররা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়েছে, কিন্তু আজ থেকে ১৪শ বছর আগেই আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) ন্যায় ও ইনসাফের কথা বলে গেছেন। ছাত্র-জনতার সেই আকাঙ্ক্ষা আর ইসলামের ইনসাফ আজ এক সুতায় গাঁথা।"বুধবার (২৫ মার্চ) বিকালে বন্দরের লালখারবাগ মাদরাসা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা আবদুল জব্বার বলেন, "২৬-এর নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি—এটা জনগণই বলছে। অনেক ক্ষেত্রে আমরা ছাড় দিলেও, গণভোটে 'হ্যাঁ' ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে যে রায় এসেছে, তা বাস্তবায়নের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। মুক্তিকামী তরুণ সমাজই আগামীর বাংলাদেশ। কেউ কেউ বলছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, কিন্তু এই আবেগ দিয়েই ভোট হয়েছে। জনগণের সেই রায়কে সম্মান জানাতেই হবে।"মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, "মাদকের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সরকার থেকে কোথায় কত টাকা আসছে তা এখন আর গোপন নেই, তাই দুর্নীতির কোনো অবকাশ থাকবে না। তেঁতুল গাছ লাগিয়ে কমলা আশা করা বোকামি; তেমনি সৎ নেতৃত্ব ছাড়া সুশাসন সম্ভব নয়।"অনুষ্ঠানে মাওলানা জব্বার আসন্ন সিটি কর্পোরেশন ও ওয়ার্ড নির্বাচন উপলক্ষে ২৭ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিনকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আল্লাহর ওপর তাওয়াক্কুল করে মানুষের কল্যাণে ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। মিথ্যা মামলা দেওয়া হলে থানায় গিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। তবে মনে রাখবেন, অপরাধী যেই হোক—সে যদি জামায়াতেরও হয়, তাকে ছাড় দেওয়া হবে না।"বন্দর উত্তর থানা সাংগঠনিক আমীর মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উত্তর থানা সেক্রেটারি মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।এছাড়াও বক্তব্য রাখেন বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। উত্তর থানা নায়েবে আমীর মো রফিকুল ইসলাম। উত্তর থানা কর্মপরিষদ সদস্য ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন, ২৭ নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।