ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়। স্থানীয়দের দাবি, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুজন হলেন—সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় তারা মাদক সেবন করছিলেন। খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের বক্তারমুন্সী বাজার এলাকায় নিয়ে আসা হয়।সেখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে তাদের নামিয়ে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, পুকুরটিতে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় পরিবেশও নষ্ট হচ্ছিল। মাদকবিরোধী সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি পুকুরটি পরিষ্কারের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, “দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয়দের নিয়ে সেখানে যাই। পরে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।”তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনা রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। জামিনে বের হওয়ার পর পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। এ কারণে স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে এবং ভবিষ্যতে মাদক সেবন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন, মাদক কেনাবেচা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তবে আটক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া দরকার বলে তারা মনে করেন।এদিকে, ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই যুবককে পুকুর পরিষ্কার করার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।তবে মাদক সেবনের অভিযোগের বিষয়টি আইনগতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে গণ্য করা যায় না। স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার আইনগত দিকটি আরও স্পষ্ট হবে।