আদমজী জামে মসজিদের সামনে মাদকসহ কারবারি আটক, থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুমার নামাজের আগে আদমজী জামে মসজিদের সামনে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় জাহিদ (২০) নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। শুক্রবার জুমার নামাজের পূর্বে সিদ্ধিরগঞ্জের আদমজী জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত জাহিদ সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি এলাকার মো. জামিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আদমজী জামে মসজিদে যাচ্ছিলেন। মসজিদের প্রবেশমুখে এক তরুণকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজে আটককৃত তরুণকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়ে কর্তব্যরত পুলিশের নিকট সোপর্দ করেন।
এ বিষয়ে নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, "আমাদের এলাকায় কোনো মাদক কারবারির স্থান হবে না। মাদক সমাজ ও জাতির চরম শত্রু। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন