৫১ বছর পর নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম আজীবন সদস্যরা সরাসরি ভোটে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেলেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মোট ৯৯৭ জন আজীবন সদস্য ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।
আজীবন সদস্য হিসেবে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আনিসুল ইসলাম সানি বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের ইতিহাসে এই প্রথম আজীবন সদস্যরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেলেন। তাঁর মতে, একটি মানবিক ও সামাজিক সংগঠনের জন্য এমন গণতান্ত্রিক পরিবেশ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত নেতৃত্ব আর্তমানবতার সেবায় নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
নির্বাচনের সময় আনিসুল ইসলাম সানির সঙ্গে স্থানীয় বিএনপি, জাসাস ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণের সার্বিক পরিবেশ নিয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন