ইত্যাদি ঈদ স্পেশাল: একাধিক মিউজিক্যাল ড্রামায় তারকার সমাবেশ
বরাবরের মতো এবারও ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে আসছে বিশেষ ‘ইত্যাদি’। বিনোদনের মাধ্যমেও যে চমৎকার ও নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ নানা বার্তা দেওয়া যায়, সেটি প্রতিবারই নতুন করে জানান দেয় দর্শকনন্দিত এই অনুষ্ঠানটি। সমাজের নানান অসংগতি, মানুষের দুর্গতি ও সমসাময়িক বিষয় তুলে ধরে হানিফ সংকেত তার অনুষ্ঠানকে করে তুলেছেন আপসহীন ও স্পষ্টবাদিতায় অনন্য।ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে অন্যতম হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই এতে যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়, যা পর্বটিকে করে তোলে ব্যতিক্রমী। এ ধরনের বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা ইত্যাদিতেই প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকা—তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।ইদানীংকালে আমাদের চারপাশে নানান অনিয়ম ভর করেছে, বাড়ছে প্রতারণার ঘটনা। যুগের হাওয়ায় যেন মিশে আছে বিশ্বাস ভঙ্গের গন্ধ! এই বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আরও একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকা—শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী; তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।সবকিছু মিলিয়ে বলা যায়, এবারের ঈদের আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে হানিফ সংকেত নির্মিত জনপ্রিয় এই অনুষ্ঠানটি। আর সেজন্যই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই আয়োজনের জন্য।প্রতিবারের মতো এবারও বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।