ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ: সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ‘প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল’-এ ভুল চিকিৎসা ও দায়িত্বে নিয়োজিত চিকিৎসক এবং নার্সদের অবহেলার কারণে রাইযেল নামের মাত্র ২ মাস ৭ দিন বয়সী এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে শিশু রাইযেলের হঠাৎ তীব্র ঠান্ডা ও কাশি দেখা দিলে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ভর্তি করার পর শিশুটিকে ডেঙ্গু ওয়ার্ডে রাখা হলেও ওয়ার্ডটিতে কোনো ধরনের মশারির ব্যবস্থা ছিল না বলে জানান তারা।
শিশুটির মা অভিযোগ করে বলেন, “হাসপাতালে ভর্তি রাখার ১৪ দিনে চিকিৎসা বাবদ লক্ষাধিক টাকা খরচ হলেও আমরা সঠিক কোনো সেবা পাইনি। চিকিৎসক দিনে তিন বেলা ওষুধ ও চিকিৎসার নির্দেশ দিলেও দায়িত্বরত নার্সরা কোনোমতে এক বেলা চিকিৎসা দিয়ে চলে যেতেন। আমরা বারবার দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের বিষয়টি জানিয়েছি যে শিশুটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, কিন্তু তারা কোনো কথায় কান দেননি।”
পরবর্তীতে শিশুটির অবস্থা আশঙ্কাজনক ও সঙ্কটাপন্ন হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লাইফ সাপোর্টে রেখে অন্য হাসপাতালে রেফার করার পরামর্শ দেয়। এর কিছুক্ষণ পরই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, এই হাসপাতালে রোগী চিকিৎসা ও সেবায় নানা অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও ভুল চিকিৎসা ও অবহেলায় একাধিক রোগীর মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা উক্ত হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে ও রোগীর সঠিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
আপনার মতামত লিখুন