বন্দর নবীগঞ্জে বিকল পানির পাম্প: ৩০ ঘণ্টা ধরে পানির জন্য হাহাকার, লক্ষাধিক মানুষের চরম ভোগান্তি
টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে মিলছে না বিশুদ্ধ পানি। বন্ধ হয়ে পড়েছে গৃহস্থালি রান্নাবান্না ও আনুষঙ্গিক কাজকর্ম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় ওয়াসার পানির পাম্পটি বিকল হয়ে পড়ায় এ তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। তবে দুর্ভোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৭ই অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসা পানির পাম্পটি আকস্মিকভাবে অকেজো হয়ে পড়ে। পাম্প নষ্ট হওয়ার পর ৩০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও তা মেরামতে কার্যকর বা দ্রুত কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে পুরো নবীগঞ্জ এলাকা জুড়ে পানীয় জলের জন্য তীব্র হাহাকার দেখা দিয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে জানান, পানি সংকটের বিষয়টি জানানোর পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কেবল "কাজ চলছে, দ্রুত পানি আসবে"—এমন মুখে মুখে আশ্বাসই মিলছে। তবে বাস্তবে পাম্প মেরামতে তৎপরতা দেখা যায়নি।
জরুরি ভিত্তিতে এলাকাটিতে বিকল্প হিসেবে ওয়াটার ট্যাংকার (পানির গাড়ি) পাঠানোর অনুরোধ জানানো হলেও সিটি কর্পোরেশন থেকে নানা অজুহাত দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে ২৪ নং ওয়ার্ড সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে বর্তমানে শহরে শারদীয় দুর্গাপূজার উৎসব চলায় এবং পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না।
কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় এক বাসিন্দা বলেন, "লক্ষাধিক মানুষের পানির মতো মৌলিক সুবিধা যেখানে বন্ধ, সেখানে বিকল্প ব্যবস্থা না করে উৎসবের বাহানা দেওয়া কতটা যুক্তিযুক্ত? সিটি কর্পোরেশন নিয়মিত কর ও ট্যাক্স নিলেও জনগণের এমন চরম দুর্ভোগে তাদের কোনো দায়বদ্ধতা চোখে পড়ছে না।"
দু দুর্ভোগের খবর জানাতে ও দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিতে ওয়াসা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকেই ফোন রিসিভ করছেন না বলে ক্ষোভ জানান ভুক্তভোগীরা।
এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে নষ্ট পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ চালু করতে হবে। পাশাপাশি পাম্প পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত অবিলম্বে বিকল্প ওয়াটার ট্যাংকারের মাধ্যমে পুরো এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তবে সার্বিক পরিস্থিতি ও পাম্প মেরামতের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের জানান, "আজকে রাতেই নবীগঞ্জ ওয়াসার নষ্ট পাম্পটির মেরামত কাজ সম্পন্ন করা হবে। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই এলাকাবাসী আবার স্বাভাবিক পানি সরবরাহ ফিরে পাবেন।"
আপনার মতামত লিখুন