কুরআনের অর্থ ও ব্যাখ্যা অনুধাবন এবং তাহাজ্জুদ গুজার হওয়ার আহ্বান অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) ২২ অক্টোবর সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা প্রতিনিধি সম্মেলনে কোরআনের সঠিক শিক্ষা ও তাহাজ্জুদ নামাজের গুরুত্ব তুলে ধরে জীবন পরিচালনার তাগিদ দিয়েছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
সম্মেলনে নিজের বক্তব্যে তিনি দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি নিয়ে আলোচনা করতে গিয়ে একটি রূপক গল্প তুলে ধরে বলেন, পৃথিবীর সবচেয়ে কষ্ট পাওয়া মানুষকে যদি জান্নাতে কয়েক মিনিট ঘুরিয়ে এনে তার পেছনের ইতিহাস ও কষ্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তবে সে আল্লাহর শুকরিয়া আদায় করে জান্নাতের এক মুহূর্তের সুখে জীবনের সব দুঃখ নিমেষেই ভুলে যাবে। ঠিক তেমনি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকেও যদি জাহান্নামের আজাবের মধ্যে কয়েক মিনিট রাখা হয়, তবে সে তার জীবনের সব সুখ ভুলে যাবে—এভাবেই তিনি জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।
উপস্থিত সুধীজনদের উদ্দেশে তিনি মূলত দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন- প্রথম পরামর্শ হিসেবে তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন; তাই কেবল তেলাওয়াত নয়, বরং অর্থ ও ব্যাখ্যাসহ কোরআন অনুধাবন করতে হবে। কোরআন অধ্যয়ন মানুষের ইমান বৃদ্ধি করে এবং আমল উন্নত করে তাকে আল্লাহর পথে পরিচালিত করতে সবচেয়ে বেশি সাহায্য করে।
দ্বিতীয় পরামর্শে তিনি ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করার ওপর বিশেষ জোর দেন। কোরআন ও হাদিসের আলোকে জান্নাতি হতে হলে তাহাজ্জুদ গুজার হওয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আল্লাহর পক্ষ থেকে বান্দার অভাব মোচনের ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তা প্রতিনিয়ত বান্দাকে ডেকে অভাব, সমস্যা ও অপরাধ ক্ষমার সুযোগ দিলেও আমরা অনেক সময় তা থেকে غافل (বিস্মৃত) থাকি। তাই দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে অর্থসহ কোরআন অধ্যয়ন এবং নিয়মিত তাহাজ্জুদ গুজার হওয়ার বিকল্প নেই।
আপনার মতামত লিখুন