বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের বন্দরে দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত খোকন চোক্কা (৩৬) ও তার দুই সহযোগী মো. পারভেজ (২৮) এবং মো. মঞ্জুরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন চোক্কা সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। অপর দুজন পারভেজ ও মঞ্জুর রামনগর এলাকার বাসিন্দা।
বন্দর থানা পুলিশ জানায়, অভিযানে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপ দিয়ে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় বন্দর থানায় মামলা করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খোকন চোক্কার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা চলমান এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা চলমান ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, মামুন ইসলাম, ইয়াসিন আরাফাতসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
আপনার মতামত লিখুন