নারায়ণগঞ্জ মহানগরীর সেরা ১০ দুর্গাপূজা মণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সম্মাননা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর সেরা ১০টি পূজামণ্ডপকে বিশেষ সম্মাননা উপহার দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপহার বিতরণকালে বক্তারা বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপগুলোর ভূমিকা প্রশংসনীয়। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন