বন্দরে সাবেক এমপি সেলিম ওসমানের 'খলিফা' আলী হোসেন প্রকাশ্যে, এলাকাবাসীর ক্ষোভ
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিগত আওয়ামী সরকারঘনিষ্ঠ প্রভাবশালী সন্ত্রাসী সেলিম ওসমানের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত বন্দর মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় স্থানীয় অধিবাসীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পরও সেলিম ওসমানের অনুসারী আলী হোসেন বহাল তবিয়তে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে জোর দৌড়ঝাঁপ ও তৎপরতা চালাচ্ছেন।
এ বিষয়ে শাসনের বাগ এলাকার বাসিন্দা শহিদুর রহমান (সোহরাব) ক্ষোভ প্রকাশ করে জানান, সেলিম ওসমানের ক্ষমতার ছায়াতলে থেকে আলী হোসেন এবং তার ছেলে এলাকায় চরম অত্যাচার-পীড়ন চালিয়েছেন। তাদের দাপটে সাধারণ ও নিরীহ মানুষ এলাকায় টিকে থাকতে পারত না। কথায় কথায় মিথ্যা মামলা ও হামলা দিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানি ও নির্যাতন করা হতো বলে তিনি দাবি করেন।
২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারা দেশে পরিবর্তন এলেও স্থানীয় বাস্তবতা নিয়ে আক্ষেপ ব্যক্ত করেছেন এলাকার সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি আক্ষেপ করে বলেন, "২৪-এর গণঅভ্যুত্থান হয়ে সাধারণ মানুষের কী লাভ হলো, যদি আওয়ামী শাসনের অন্যতম দোসর ও সন্ত্রাসীরা এখনো এভাবে প্রকাশ্যে দাপিয়ে বেড়ায়!"
এ বিষয়ে অভিযুক্ত আলী হোসেনের মতামত জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল অনতিবিলম্বে বিগত শাসনের জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন