নাসিক'র নামে ভুয়া নোটিশ দেওয়ার অভিযোগ ওয়ার্ড সচিবের বিরুদ্ধে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নাম ও ২৪ নম্বর ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিকের স্বাক্ষর ব্যবহার করে নোটিশ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গাছপালা অপসারণ ও ছাঁটাইয়ের নির্দেশনা দিয়ে নোটিশ পাঠানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে ওয়ার্ড সচিবের দাবি, স্থানীয়দের অনুরোধে সিটি কর্পোরেশনের জায়গা পরিষ্কারের জন্য তিনি চিঠি পাঠিয়েছেন; এর সঙ্গে ব্যক্তিগত জমি নিয়ে বিরোধের কোনো সম্পর্ক নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতালী এলাকার বাসিন্দা শেখ হাফেজ মাহমুদের নামে একটি নোটিশ পাঠানো হয়। এতে আরসিসি ড্রেনের ওপর ও রাস্তার পাশের গাছপালা অপসারণ এবং ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হয়। নোটিশটিতে ২৪ নম্বর ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিকের স্বাক্ষর রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে সুবিধা দিতে এ নোটিশ পাঠানো হয়েছে। এর মাধ্যমে তাঁর গাছপালা অপসারণ ও সম্পত্তি নিয়ে বিরোধে চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ২৪ নম্বর ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিক বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জমি নিয়ে বিরোধের বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের জায়গা পরিষ্কার করার জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে তিনি নিজে ঘটনাস্থলে যাননি।
অনিক বলেন,
একজন ওয়ার্ড সচিব হিসেবে দায়িত্ববোধের দিক বিবেচনায় নোটিশ পাঠানো হয়েছে। এখানে ব্যক্তিগত বিরোধের কোনো অবকাশ নেই। তাঁর দাবি, বিষয়টি ছিল স্থানীয়দের অনুরোধের ভিত্তিতে সিটি কর্পোরেশনের জায়গা পরিষ্কার করার উদ্যোগ, ব্যক্তিগত জমির বিরোধে পক্ষ নেওয়া নয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে কেউ এ ধরনের নোটিশ দেওয়ার এখতিয়ার রাখে না। যদি কোনো ওয়ার্ড সচিব কাউকে নোটিশ প্রদান করে, তাহলে অবশ্যই তা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাবে।
তিনি আরও বলেন, কী কারণে সে এটা করেছে, তা আমার জানা নেই। তবে যেহেতু ভুক্তভোগী আবেদন করেছেন, সেহেতু আমরা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগটির সুষ্ঠু তদন্ত এবং নোটিশের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে যেন কারও গাছপালা বা সম্পত্তির ক্ষতি না হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আপনার মতামত লিখুন