মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো অবস্থানে যাবে, তাদের সফলতা কামনা করি: সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ইসলামিক চিন্তাধারা ও আদর্শকে ধারণ করে এ এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে ভালো ভালো শিক্ষার্থী পড়াশোনা করে ভবিষ্যতে ভালো অবস্থানে যাবে—এটাই আমার প্রত্যাশা।
আমি তাদের সফলতা কামনা করি। যারা মাদ্রাসাটি পরিচালনা করছেন, তাদের প্রতিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে মাদ্রাসার কার্যক্রমে কখনো আমার সহযোগিতার প্রয়োজন হলে ইনশাআল্লাহ, আমি পাশে থাকব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের তল্লা রেললাইন এলাকায় মাদ্রাসায়ে নূরে মদীনা কেরাতুল কোরআন ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম সজল বলেন, ইসলামিক চিন্তাবিদ ও আলেমরা তাঁদের বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরবেন। তাঁদের আলোচনা থেকে শিক্ষা নিয়ে ইসলামের নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি সমাজে ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে এবং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো কাজ করতে হবে।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ইসলামকে ভালোবেসেছেন এবং ইসলামের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ইসলামকে ভালোবাসেন। তিনি বলেছেন, ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। ইসলাম কিংবা ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো কাজ করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সজল বলেন, দলের কেউ কোনো খারাপ কাজ করলে তা তুলে ধরতে হবে, যাতে দল নিজেদের ভুল সংশোধন করতে পারে। দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করতে চান উল্লেখ করে তিনি তাঁর জন্য দোয়া কামনা করেন, যেন তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।যেখানে সব ধর্ম ও মতের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করতে পারবেন।
তল্লার বিশিষ্ট সমাজসেবক শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আহমেদ, মাদ্রাসায়ে নূরে মদীনা কেরাতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাহমুদুল হাসান শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন