ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ করবে -এটিএম মা'ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) রাঙ্গামাটি শহরের বনরুপা ইসলামিক সেন্টার মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুনসুরুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা'ছুম।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ.টি.এম. মা'ছুম বলেন, “একজন ইসলামী আন্দোলনের কর্মীর প্রধান পরিচয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করা। ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব।”রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সংগঠনের কর্মীদের আত্মшুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন এবং দাওয়াতি কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর আহ্বান জানান।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তরুণ সমাজকে নৈতিক অবক্ষয়, মাদক, দুর্নীতি ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই।” তিনি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. সাবের আহাম্মদ এবং রাঙ্গামাটি জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।এছাড়া সম্মেলনে জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর এবং প্রায় দুই শতাধিক মহিলা ও পুরুষ রুকন উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে ইসলামী আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।