বন্দরে পূর্বপুরুষদের কবরস্থানের জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর এনায়েতের বিরুদ্ধে ‎
নারায়ণগঞ্জের বন্দরে পৈতৃক ওয়ারিশি সম্পত্তি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও বেড়া খুলে নিয়ে যাওয়া, গাছপালা কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৭৮ বছর বয়সী বৃদ্ধ রেজাউল করিম ওরফে রেজাই।
অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ ওই জমিতে তাঁদের পরিবারের পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার ২২ শতাংশ জমি নিয়ে বাদী রেজাউল করিমের সঙ্গে তাঁর অন্য ওয়ারিশদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং এ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা (নং-৭১৬/২০২৪) চলমান রয়েছে।
অভিযোগে রেজাউল করিম উল্লেখ করেন, গত ২৩ আগস্ট বিকেলে তিনি নিজের জমিতে গিয়ে দেখতে পান তাঁর দেওয়া সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং গাছপালা কেটে ফেলা হয়েছে। সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টাও চালানো হয়। পরবর্তীকালে, গত ৭ সেপ্টেম্বর জমিতে থাকা সীমানা বেড়া খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি জানান। জীবনের নিরাপত্তা ও পৈতৃক জমি রক্ষায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রেজাউল করিম আকুতি জানিয়ে বলেন, "জমিটি আমাদের পরিবারের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত এবং এখানে তাঁদের কবর রয়েছে। জমিটি বেদখল হওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।" তিনি জমিটি রক্ষায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি থাকায় উভয় পক্ষকেই আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন