বন্দর থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো, পক্ষপাতমূলক কর্মকাণ্ড ও হয়রানির অভিযোগ এনে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন হাজী লোকমান হোসেন নামে এক ব্যক্তি।
গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ওই লিখিত আবেদনে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী হাজী লোকমান হোসেন বন্দর থানাধীন তিনগাঁও এলাকার বাসিন্দা। তিনি নিজেকে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উল্লেখ করে আবেদনে জানান, তাঁর ছোট ছেলে রনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে প্রথমে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের মেডিহোম হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার কথা রয়েছে।
লোকমান হোসেনের অভিযোগ, গত ১০ অক্টোবর বন্দর থানাধীন তিনগাঁও পাকা রাস্তা থেকে শাহ আলম নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় বন্দর থানার মামলা নম্বর-১৬ (১০) ২০২৬, তারিখ ১১ অক্টোবর, দায়ের করা হয়। মামলায় তাঁর গুরুতর অসুস্থ ছেলে রনিকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
তাঁর দাবি, ঘটনার সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তির আশপাশে উপস্থিত থাকা আরও কয়েকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তাঁর অসুস্থ ছেলেকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছেলের প্রকৃত সম্পৃক্ততা ও শারীরিক অবস্থা যাচাই না করেই তাকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে এসআই মো. লুৎফর রহমানের পাশাপাশি এসআই ফরহাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারী জানান, এসআই ফরহাদ তাঁকে ফোন করে ব্যক্তিগতভাবে কথা বলার কথা বললেও পরবর্তীতে আর যোগাযোগ করেননি। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর মনে অর্থ আদায়ের কোনো চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া বন্দর থানার ওসি জামাল উদ্দিনের দায়িত্বকালীন সময়ে মামলাটি দায়ের ও তদন্তের ক্ষেত্রে কোনো অনিয়ম, অবহেলা, পক্ষপাত বা যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
লিখিত আবেদনে তিনি পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন