পরকীয়ার বলি মিলশ্রমিক নাদিম: দু’দিন পর ভাড়া বাসা থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে নাদিম আকন্দ (৩৬) নামের এক মিলশ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের দু’দিন পর একটি ভাড়া বাসা থেকে তাঁর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে কালিবাড়ি এলাকার বাসা থেকে নিখোঁজ হন নাদিম আকন্দ। এর পর থেকে তাঁর কোনো সন্ধান মিলছিল না। শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার মালিকাধীন একটি ভাড়া টিনের ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয় এবং ঘরের ভেতর বস্তাবন্দি গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ঘরটি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেটি নড়াইল জেলার বাসিন্দা হাকিম মোল্লা নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন। অভিযোগ রয়েছে, নিহত নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিম মোল্লার দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ ও সময় নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন