বন্দরে ড্রেন নির্মাণ নিয়ে বিরোধ!দোকানিকে প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১নং নয়ানগর এলাকায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালিগালাজ, পথরোধ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ আফজাল (৪৮) ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রাসেল (৪৩) বাদী হয়ে বন্দর থানায় ১নং নয়ানগর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে মোঃ আফজালসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে স্থানীয় এলাকায় সামাজিক উদ্যোগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। উক্ত ড্রেন নির্মাণের দায়িত্ব নেন বিবাদী মোঃ আফজাল। কিন্তু ড্রেন নির্মাণের জন্য ভুক্তভোগী মোঃ রাসেলের বাড়ির সামনে বড় গর্ত খোঁড়া হলেও দীর্ঘদিন ধরে কাজটি ফেলে রাখা হয়। এতে রাসেলের পরিবারসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয় এবং বাড়ির ছোট শিশুরা গর্তে পড়ে আহত হয়। এছাড়া রাসেলের মুদি দোকানের মালামাল পরিবহনেও মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দেয়।
গত ১৭ অক্টোবর দুপুর ১ টার দিকে মোঃ রাসেল অটো গাড়ি যোগে দোকানের মালামাল নিয়ে নিজ বাড়িতে পৌঁছান। গাড়িটি ভেতরে নেওয়ার সুবিধার্থে তিনি সাময়িকভাবে গর্তে কিছু ইট ফেলে পথ সুগম করার চেষ্টা করলে বিবাদী মোঃ আফজাল ঘটনাস্থলে এসে তাকে গালিগালাজ শুরু করেন এবং মারধরের চেষ্টা চালান। এ সময় রাসেলকে গাড়ি ভেতরে নিতে বাধা দেওয়া হয় এবং গর্তে ইট দিলে তাকে খুন-জখম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হুমকির মুখে মালামাল ও তেলের ড্রাম ভেতরে নিতে না পারায় তা চুরির ঝুঁকিতে রয়েছে বলে জানান ভুক্তভোগী। বর্তমানে বিবাদীদের হুমকির কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রাসেল ও তার পরিবার।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রাসেল জানান, "বিষয়টি নিয়ে পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত আইনি বিচার চাই।"
আপনার মতামত লিখুন