বৈষম্যবিরোধী জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া ও হৃদয় এবং ২৮শে অক্টোবরের লগি-বইঠার তাণ্ডবে শহীদ ফয়সালের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের পাইনাদি কবরস্থান জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন "জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এই জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের বুকের তাজা রক্তের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা রক্ষা করা সম্ভব।"তিনি আরও যোগ করেন, শহীদদের পবিত্র আদর্শ ও মহান আত্মত্যাগকে মনে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত ও শ্রেষ্ঠ শ্রদ্ধা।উক্ত কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাদের এই কঠিন শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।