বন্দরে তুলা কারখানায় ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলা প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় মজুত থাকা প্রায় ৫২ টন কাঁচা তুলা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা এলাকায় ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানাটির মালিক স্থানীয় মৃত আব্দুল আউয়াল জব্বারের ছেলে মোঃ তাজুল ইসলাম। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কারখানাটি গত ৫-৬ মাস ধরে বন্ধ থাকলেও রপ্তানির উদ্দেশ্যে সেখানে বিপুল পরিমাণ কাঁচা তুলা ও দামী যন্ত্রপাতি মজুত রাখা হয়েছিল। বুধবার দুপুরে হঠাৎ কারখানার ভেতর আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা ৫২ টন তুলা ও সব যন্ত্রপাতি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, “লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’ শুরু করেছিলাম। কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি এবং ৫২ টন তুলা মজুত করেছিলাম বিদেশে রপ্তানি করার জন্য। কিন্তু এই আগুন আমার সব শেষ করে দিল। আমি এখন নিঃস্ব হয়ে পথে বসে গেছি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বন্দর থানার এস আই মেহেদী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন