বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।হ্নীলা উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহম্মদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. নুরুল আজিম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসাইন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আলী।এছাড়া বক্তব্য রাখেন আব্দুল আমিন আবুল, হ্নীলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম এবং আবু বক্কর আল মাসুদ। সভায় যুগ্ম আহ্বায়ক ফয়সালসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আগামী দিনে হ্নীলা উত্তর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসাইন বলেন, “দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। উন্নয়ন ও গণতন্ত্রের এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে।”তিনি আরও বলেন, “হ্নীলা উত্তর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করতে হবে। পাশাপাশি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর দিকনির্দেশনা অনুযায়ী দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।”প্রধান বক্তা মোহাম্মদ আলী বলেন, “হ্নীলা বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। সাম্প্রতিক নির্বাচনে হ্নীলার জনগণ তা প্রমাণ করেছে। আগামী দিনে হ্নীলা উত্তর বিএনপিকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে স্থানীয় নেতাকর্মী এবং প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদককে আন্তরিকতা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”তিনি আরও বলেন, “দলের নেতৃত্ব আপনাদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করে হ্নীলা উত্তর বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।”সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।