নারায়ণগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৩ জুন (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, শরিফুল ইসলাম শিপলু, সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অসামান্য অবদান ও ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শকে বুকে ধারণ করেই বর্তমানের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে সেখানে উপস্থিত পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কাঙালি ভোজ (তবারক) বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন