মাধবীলতা সিটি মার্কেটের সাধারণ সম্পাদক হলেন এডভোকেট গোলাম সারোয়ার
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার ঐতিহ্যবাহী 'সিটি মাধবী লতা মার্কেট' দোকান মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সারোয়ারকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মার্কেটের সাধারণ দোকান মালিক ও ব্যবসায়ীরা।
এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মার্কেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত থেকে তাদের আনন্দ প্রকাশ করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।
এসময় ব্যাবসায়ীরা জানান নতুন নেতৃত্বের মাধ্যমে মার্কেটের অভ্যন্তরীণ নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুশৃঙ্খল ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।
এছাড়া ও চাষাড়ার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত এই মার্কেটে প্রতিদিন হাজারো ক্রেতার আগমন ঘটে। ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা সহজ করতে এবং মার্কেটের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কার্যকর ভূমিকা রাখবেন।
পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক দাবি এবং ব্যবসায়িক সমস্যা নিরসনে নতুন সাধারণ সম্পাদক সবসময় পাশে থাকবেন বলে সাধারণ ব্যবসায়ীরা প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা জবাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মার্কেটের সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য বড় এক দায়িত্ব। সিটি মাধবী লতা মার্কেটকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমি সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাব।"
অনুষ্ঠানে মার্কেটের জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতা, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাধারণ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন