বন্দর থানার সামনেই বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা সজল! পুলিশ নীরব
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিশুকের অন্যতম সহযোগী ছাত্রলীগ নেতা সজল প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। এমনকি বন্দর থানার ঠিক সামনেই দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও সজল রয়েছে বহাল তবিয়তে। অভিযোগ উঠেছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের থানা সংক্রান্ত তথ্য প্রদানসহ বিভিন্নভাবে সহায়তা করছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুলাই বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। সে সময়ও সজলকে থানার সামনের দোকানে বসে থাকতে দেখা যায়। পলাতক নেতাকর্মীদের এভাবে সহায়তার সুযোগ পাওয়ায় বন্দর এলাকার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনগুলো একের পর এক ঝটিকা মিছিল করার সাহস পাচ্ছে।
এ অবস্থায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল অনতিবিলম্বে ছাত্রলীগ নেতা সাইফুর রহমান মিশুক এবং তার অন্যতম সহযোগী সজলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন