বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ ‎
নারায়ণগঞ্জের বন্দরে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শিবলী সাদিক।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একের পর এক সরকারি জমি দখল করছেন।
সরেজমিনে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কল্যান্দি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অবৈধ দখলযজ্ঞ চলছে। ওই এলাকায় সরকারি জায়গায় শিবলী সাদিক পাকা ইমারত নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তিনি বিদ্যালয়ের পাশের এই জায়গাটি নিজের দখলে নিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, শিবলী সাদিক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার অনুসারী হিসেবে পরিচিত। এই রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করেই তিনি সরকারি জায়গা দখলের মতো দুঃসাহস দেখাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়।
অভিযোগ রয়েছে, জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিতে দিনের আলোয় সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হলেও স্থানীয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে অবিলম্বে অবৈধ নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন