আইবিডব্লিউএফ-এর প্রতিনিধি সম্মেলনে শিক্ষিতদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান ব্যবসায়ী নেতা গোলাম সাঈদ সারওয়ার
২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড এলাকায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) প্রতিনিধি সম্মেলনে শিক্ষিত তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাঈদ সারওয়ারের।
সম্মেলনে নিজের বক্তব্যে গোলাম সাঈদ সারওয়ার দেশের বর্তমান কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে বলেন, “পরিসংখ্যান অনুযায়ী গত আট মাসে প্রায় ৬৭ হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে চাকরি হারিয়েছেন এবং বেসরকারি হিসাবে এ সংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি।” তিনি আরও উল্লেখ করেন, “প্রতিবছর প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, কিন্তু সরকারি ক্ষেত্রে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সর্বোচ্চ ৮ থেকে ১০ হাজার মানুষের চাকরির সুযোগ তৈরি হয়। ফলে বিপুল পরিমাণ এই শিক্ষিত জনশক্তির কর্মসংস্থানের প্রশ্ন থেকে যায়।”
চীন-এর শিল্প নীতির উদাহরণ টেনে তিনি বলেন, “চীনে 'ওয়ান ম্যান, ওয়ান হোম, ওয়ান ইন্ডাস্ট্রি' নীতি অনুসরণ করা হয়, যেখানে ঘর থেকেই শিল্প উদ্যোগ তৈরি হয়। আইবিডব্লিউএফ ঠিক একইভাবে শিক্ষিত বেকারদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
ব্যবসায় টিকিয়ে রাখার দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি বিএসবি-র রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, “দেশে নতুন তৈরি হওয়া উদ্যোক্তাদের প্রায় ৩০ শতাংশ সঠিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার অভাবে বাজার থেকে ঝরে পড়ে। আইবিডব্লিউএফ উদ্যোক্তাদের এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে।”
তিনি সতর্ক করে বলেন, “দেশের এই তরুণ ও শিক্ষিত জনশক্তিকে যদি দ্রুত কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে তোলা না যায়, তবে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।”
সম্মেলনে উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আইবিডব্লিউএফ-এর কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে একটি পরস্পর নির্ভরশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন