তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ছবক পড়ানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি বলেন, “ইসলামি নাত ও সংগীত শুনে আমি মুগ্ধ। আমি আশা করবো, আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষায়ও শিক্ষিত হবেন।”
তিনি আরও বলেন, “যারা সত্যিকার অর্থে সুন্দর দেশ গড়তে চায়, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে কম। তাই তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা—ভালো ক্যারিয়ার গড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং দেশ গড়ার কাজে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানি। তিনি বলেন, “এই মাসেই আমাদের নবীজি (সা.)-কে পাঠানো হয়েছিল। তখন সমাজ ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। নবীজি (সা.)-কে পাঠানোর পর ধীরে ধীরে সেই সমাজ আলোর মুখ দেখতে শুরু করে।”
তিনি নবীজি (সা.) ও এক সাহাবির হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যারা ঈমান এনেছেন, তারাই সফলকাম।”
তানযীমুল উম্মাহ মাদরাসার দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, আল্লাহ তাআলা সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। তাই সমন্বিত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া। তিনি বলেন, “এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।” পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী আরাফাত শেষ ছবক পাঠ করেন। আরবি বক্তব্য রাখেন আইমান বিন জামাল। এছাড়াও বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট মাওলানা মাসুদুর রহমান।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রি-প্লে, নার্সারি রোজ ও নার্সারি বেলী, প্রথম শ্রেণির রোজ ও বেলী, দ্বিতীয় শ্রেণির রোজ ও বেলী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ তানযীমুল উম্মাহ মাদরাসার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র শাখার শাখা প্রধান মো. রিদওয়ানুর রহমান হেলালী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখা সহকারী প্রধান আল-আমিন ও কুতুবউদ্দিন।
আপনার মতামত লিখুন