কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’। ২৯ আগস্ট সন্ধ্যা ৭টায় দেশীয়’র কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয়’র সভাপতি শিল্পী ও সুরকার সাইফুল্লাহ মানছুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও সংবাদপাঠক শরীফ বায়জীদ মাহমুদ এবং কবি আবু তাহের বেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক অনন্য প্রতিভার নাম। তাঁর সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক মর্যাদা, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বোধের যে শক্তিশালী প্রকাশ ঘটেছে, তা আজও সমাজকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য শুধু পাঠের বিষয় নয়; বরং তাঁর আদর্শ ও মানবিক চেতনাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের অন্যতম উপায়। তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ, সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনাও করা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) ঢাকায় মৃত্যুবরণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এ বছর তাঁর মৃত্যুবার্ষিকীর ৫০ বছর পূর্ণ হলো।
আপনার মতামত লিখুন