নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘ইসলামী শিক্ষা দিবস’ পালিত: বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সূরা আল-ইমরানের ১৬৯ নম্বর আয়াতের উদ্ধৃতি— "যারা আল্লাহর পথে নিহত তাদেরকে মৃত ভেব না বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্যে থেকে তারা রিজিকপ্রাপ্ত হচ্ছে"— তুলে ধরে ইসলামী শিক্ষার গুরুত্ব ও বীর শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার শহীদ আবদুল মালেকের ঐতিহাসিক অবদান ও আত্মত্যাগ স্মরণ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে নৈতিকতাভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। তরুণ সমাজকে সততা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন