ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে এনসিসিআই-এর আর্থিক অনুদান
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চুরি, ছিনতাই ও সার্বিক অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)।
রবিবার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক মোঃ গোলাম সারোয়ার (সাঈদ) এবং আহমেদুর রহমান তনুর পাশাপাশি চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় প্রায়শই চুরি-ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এনসিসিআই-এর এ আর্থিক সহায়তা অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন