ফতুল্লার এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে একক প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি একাধারে সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি। একই সঙ্গে তিনি মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার (৫ জুন) সকালে এনায়েতনগর এলাকার ইউনাইটেড ক্লাব মিলনায়তনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার এনায়েতনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় হাফেজ আব্দুল মোমিনের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তাকে এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন। এছাড়া অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রার্থী ঘোষণার পর বক্তারা বলেন, এনায়েতনগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতেই হাফেজ আব্দুল মোমিনের মতো একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিনের কর্মতৎপরতার কারণে স্থানীয় পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।
ঈদ পুনর্মিলনী ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন