সেলিম ওসমানের দোসরদের নিয়ে আবুল কালাম এমপি ও আবুল কাউসার আশার রাজনীতি
নারায়নগঞ্জের ব্যবসায়ীদের গডফাদার বলে খ্যাত ও জাতীয় পার্টির প্রভাবশালী এক সময়ের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও ঘনিষ্ঠতার অভিযোগে আলোচিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে এখন আবুল কালাম ও তাঁর ছেলে আবুল কাউছার আশার পাশে দেখা যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি-ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, সেলিম ওসমানের রাজনৈতিক বলয়ের সঙ্গে একসময় যাঁদের ঘনিষ্ঠতা ছিল, তাঁদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ও তাঁর ছেলের সম্পর্ক কীভাবে গড়ে উঠছে?এতে করে ত্যাগীরা হচ্ছে উপেক্ষিত।
স্থানীয় অনলাইন ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আবুল কাউছার আশা অতীতেও সেলিম ওসমানের সঙ্গে একই রাজনৈতিক পরিমণ্ডলে ছিলেন বলে সর্বমহলে প্রচারিত রয়েছে। সম্প্রতি তাঁর সঙ্গে সেলিম ওসমানের পুরোনো ছবি নিয়েও আলোচনা - সমালোচনা রয়েছে।
অন্যদিকে, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী খলিল মেম্বার,মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ সাবেক নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুকে ঘিরেও সেলিম ওসমানের সঙ্গে অতীত রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়নাকে নিয়েও ওসমান পরিবারের সঙ্গে অতীত রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গ সামনে এসেছে।
প্রশ্ন উঠছে, একসময় সেলিম ওসমানের রাজনৈতিক বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ব্যক্তিরা এখন কীভাবে আবুল কালাম ও তাঁর ছেলে আবুল কাউছার আশার রাজনৈতিক বলয়ে জায়গা করে নিচ্ছেন?
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট আবুল কালাম। পরবর্তী সময়ে ৭ মার্চ তিনি নিজের ছেলে আবুল কাউছার আশাকে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাবা-ছেলের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
অপরদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অনেকেই এখনো প্রত্যাশিত মূল্যায়ন ও রাজনৈতিক সুযোগ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্ব না দিয়ে হাইব্রিড নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে।
অনেক রাজপথের ত্যাগী নেতাকর্মীদের অনেকে আবুল কালাম এমপি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা হতে মুখ ফিরিয়ে নিচ্ছে।
আপনার মতামত লিখুন