মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই বিএনপির অবস্থান কর্মসূচি! তৃণমূলে ক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগবিরোধী স্লোগানমুখর ওই কর্মসূচির প্রথম সারিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমান উল্লাহ আমানের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে নাশকতার আশঙ্কায় লকডাউন রুখে দিতে মদনপুরে অবস্থান নেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ বন্দর থানা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতেই বসে থাকতে দেখা যায় আমান উল্লাহ আমানকে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিগত সময়ে শামীম ওসমান, মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম এ সালাম এবং স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদের প্রভাব বলয় ব্যবহার করে এলাকার ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করতেন আমান উল্লাহ আমান। সম্পর্কে তিনি এম এ সালামের বোনজামাই এবং ওয়াহিদুজ্জামান ওহিদের আপন ফুপা।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও মদনপুরে আমান উল্লাহ আমানের প্রভাব কমেনি; বরং আগের তুলনায় তা আরও বেড়েছে। মদনপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত এই ব্যক্তি বিগত আওয়ামী লীগ আমলে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এবং বর্তমানে নিজেকে রক্ষা করতেই বিএনপির ছায়াতলে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ।
এদিকে, দেশের গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে তাণ্ডব ও উত্তেজনার খবর পাওয়া গেলেও স্থানীয় পর্যায়ে বিএনপির কতিপয় নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। মদনপুরের কর্মসূচিতে এমন উপস্থিতির ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন