গলাচিপায় মাদ্রাসার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপায় বড় চত্রা দাখিল মাদ্রাসার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উলানিয়া বন্দর জৈনপুরী খানকা সংলগ্ন মাঠে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (সুপার) মাওলানা মো. অলিউল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করেন, ৬ লাখ টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে বড় চত্রা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও জমিদাতাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই গোপনে অন্য ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট খবিরকে সভাপতি মনোনীত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীরা ও অভিভাবকরা অভিযোগ করেন, মাদ্রাসাটির দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার টাকা এবং নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা করে আদায় করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই বিতর্কিত এডহক কমিটি বাতিল করার দাবি জানান। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আপনার মতামত লিখুন