নারায়ণগঞ্জে জাল ছিঁড়ে পালানো সেই কুমির অবশেষে উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে অবশেষে জাল ছিঁড়ে পালিয়ে যাওয়া সেই কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বন্দর উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুমিরটি উদ্ধারে অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম ও দ্বিতীয় দফায় কুমিরটিকে ধরার চেষ্টা করা হলে সেটি জাল ছিঁড়ে পালিয়ে যায়। তবে তৃতীয়বারের চেষ্টায় উদ্ধারকারীরা কুমিরটিকে ধরতে সক্ষম হন।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে স্থানীয়রা প্রথম কুমিরটিকে দেখতে পান। পরে সেটি অন্য একটি পুকুরে চলে যায়। সে সময় খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কুমিরটিকে শনাক্ত করতে না পারায় তখনকার অভিযানটি সফল হয়নি।
পরবর্তীতে গত ১৭ নভেম্বর বিকালে মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে অবশেষে বিকেলে পাতাকাটা এলাকার পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন