বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব শহরের মিশনপাড়া মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ। তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে যে দলের প্রধানরা পালিয়ে যায়। তাদের ফিরে আসার আর কোন সুযোগ নেই। বিদেশে পালিয়ে থেকে সাধারন মানুষের জীবন নিয়ে খেলছে খুনি সন্ত্রাসীরা। জনগণ তাদের ক্ষমা করবেনা। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার কথা জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশে বাস, ট্রাকসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা প্রমাণ করে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বাংলাদেশে আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, ছাত্র, শ্রমিক ও জনতাকে হত্যার মধ্য দিয়ে দলটি নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য গঠনের প্রতিশ্রুতি ছিল। তবে ক্ষমতা লিপ্সুতা ও ষড়যন্ত্রের কারণে জাতীয় ঐক্য বিলম্বিত হচ্ছে এবং জাতি রক্ষার মধ্যে ফাটল ধরানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি ও দলটির নেতৃত্বের উদ্দেশে মহানগরী আমির বলেন, শুধু সংসদে জাতীয় ঐক্যের ঘোষণা দিলে হবে না; বিরোধী রাজনৈতিক দলের ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি রাজনৈতিক নেতাদের জুলাই সনদ ও ঐক্যের বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় দিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জামাল হোসাইন, সহ মহানগরী জামায়াতের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন এবং নারায়ে তাকবীর ও বিভিন্ন স্লোগান দেন।
আপনার মতামত লিখুন