প্রযুক্তির যুগে সামান্য ভুলে এনআইডি সংশোধনে ভোগান্তি, প্রশ্নবিদ্ধ ডিজিটাল সেবা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সামান্য বানান বা তথ্যগত ভুলের কারণে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল সেবার প্রসার ঘটলেও এনআইডির ছোটখাটো ভুল সংশোধনে দীর্ঘসূত্রতা ও জটিলতা যেন সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
অনেকের জাতীয় পরিচয়পত্রে নামের সামান্য ভুল, যেমন ‘মান্নান’-এর পরিবর্তে ‘হান্নান’ লেখা, পিতার নামের জায়গায় চাচার নাম চলে আসা কিংবা ‘প’-এর স্থলে ‘ফ’ লেখা—এ ধরনের ভুল সংশোধন করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অথচ এসব ভুলের কারণে পাসপোর্ট তৈরি, জমি ক্রয়-বিক্রয়, ব্যাংকিং কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা গ্রহণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে সামান্য কিছু তথ্যগত ভুল সংশোধনের জন্য একজন নাগরিককে বছরের পর বছর ঘুরতে হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। ডিজিটাল সেবার উদ্দেশ্য মানুষের ভোগান্তি কমানো, কিন্তু এনআইডি সংশোধনের দীর্ঘসূত্রতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। এতে সরকারের ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির কার্যকারিতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিকের পরিচয়সংক্রান্ত তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সহজ, স্বচ্ছ ও দ্রুততম সময়ে এনআইডি সংশোধনের ব্যবস্থা নিশ্চিত করা। বিশেষ করে ছোটখাটো বানান ও তথ্যগত ভুলের ক্ষেত্রে হয়রানিমুক্ত সহজ প্রক্রিয়া চালু করা প্রয়োজন।
এনআইডি সংশোধনে দীর্ঘসূত্রতা ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।
নাগরিক সেবা হোক সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব—এটাই সময়ের দাবি।
আপনার মতামত লিখুন