বন্দরে কুমির আতঙ্ক, বন বিভাগের দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা ভরঞ্জির পার এলাকার একটি লোকালয়ের পুকুরে আবারও কুমিরের দেখা মিলেছে। গত দুই দিন ধরে পুকুরটিতে কুমিরটি ভেসে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে পুকুরের পানিতে ১৫ থেকে ২০ মিনিট পরপর কুমিরটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে কুমিরটি একনজর দেখতে পুকুরপাড়ে উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর দুদিন আগে পাতাকাটা ভরঞ্জির পার এলাকার ওই পুকুরে প্রথম কুমিরটি দেখতে পান এলাকাবাসী। পুকুরটির চারপাশ ঘনবসতিপূর্ণ হওয়ায় শিশু ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া পুকুরটির মৎস্য খামারি জানিয়েছেন, পুকুরে কয়েক লাখ টাকার মাছ রয়েছে। কুমিরের অবস্থানের কারণে মাছের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, যা খামারটিকে বড় ধরনের লোকসানের মুখে ঠেলে দিতে পারে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও কুমিরটি তিনগাঁও এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু তখন বন বিভাগের কর্মকর্তারা এটি উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নেননি এবং বর্তমান পরিস্থিতিতেও তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছেন না।
দ্রুত কুমিরটি উদ্ধার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমসহ ক্ষুব্ধ এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার দায় কার ওপর বর্তাবে—এমন প্রশ্ন তুলে তারা অবিলম্বে বন্দর উপজেলা প্রশাসন ও বন বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করে কুমিরটি দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন