দিনাজপুরে ফাঁদ পেতে মা বিড়ালকে হত্যা, শাস্তি হিসেবে ৬ মাস কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হ*ত্যার ঘটনায় ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত বেকারি ব্যবসায়ী সারোয়ার হোসেনকে আগামী ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে তলব করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানে প্রায়ই খাবারের সন্ধানে প্রবেশ করত একটি পথবিড়াল। দোকান থেকে বিস্কুটসহ বিভিন্ন খাবার খাওয়ায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার রাতে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন দোকানি সারোয়ার হোসেন।
একপর্যায়ে খাবারের সন্ধানে দোকানে প্রবেশ করলে ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটির মৃত্যু হয়। পরদিন সকালে দোকানের সামনে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মা বিড়ালটির মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু বিড়ালটির ঘটনার বিচার চেয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দোকানিকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চায় প্রশাসন।
এ সময় দোকানি নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়ার কথা জানান এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ জানান, অভিযুক্ত ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করে মুচলেকা দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধ এবং অসহায় প্রাণীদের সুরক্ষায় সচেতনতা তৈরির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আপনার মতামত লিখুন