সিদ্ধিরগঞ্জে মন্দিরের তালা পরিবর্তন ও ভাঙচুরের অভিযোগ নীট কনসার্নের বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রবেশগেটের তালা পরিবর্তন ও ভক্তদের প্রবেশ বন্ধ রাখার অভিযোগ উঠেছে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধায় মন্দিরের প্রবেশগেটের তালা পরিবর্তন ও ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে মন্দির কমিটি। এতে মন্দিরের নিয়মিত পূজার্চনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কমিটির নেতারা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মন্দিরের প্রবেশগেটের আগের তালা সরিয়ে নতুন তালা লাগানো হয়েছে। বাইরে থেকে লোকজন এনে মন্দিরের ভেতরে ভাঙচুর চালানো হয়। পরে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় নীট কনসার্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট মনির হোসেন মোল্লা ও মুস্তাফিজ নামের দুজন জড়িত বলে দাবি করেন তিনি।
অ্যাডভোকেট তরুণ লাল বেগী বলেন, শত বছরের পুরোনো এই মন্দিরে ২০১২ সাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মিত পূজার্চনা হয়ে আসছিল। এরপর থেকে পূজার্চনায় বিভিন্নভাবে বাধা দেওয়া শুরু হয়। একপর্যায়ে দুর্গাপূজা, কালীপূজা ও লক্ষ্মীপূজা ছাড়া অন্য সময় পূজার অনুমতি দেওয়া হতো না।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করা হয়। পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের উদ্যোগে প্রশাসনিক হস্তক্ষেপে মন্দিরে নিয়মিত পূজার্চনা চালুর ব্যবস্থা করা হয়। বিজয়া দশমীর দিন থেকে মন্দির নিয়মিত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মন্দিরের প্রবেশগেটের চাবি মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের নিরাপত্তাকর্মীদের কাছে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, প্রশাসনের নির্ধারিত সেই ব্যবস্থার বাইরে গিয়ে নতুন তালা লাগিয়ে মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপূজার জন্য ব্যবহৃত কক্ষটিও বন্ধ রাখা হয়েছে। ফলে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন না এবং নিয়মিত পূজার্চনা ব্যাহত হচ্ছে।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও মন্দিরের প্রবেশগেট খুলে দেওয়া কিংবা সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এর আগে মন্দিরের জমি-সংক্রান্ত বিরোধ নিরসনে গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
ওই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন মন্দিরের জমি ও দখলসংক্রান্ত সমস্যার সমাধান এবং মন্দির দখলমুক্ত করার দাবিতে প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দিয়েছিল মন্দির কমিটি।
বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে জানানো হলে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মন্দিরে যান। এরপর মন্দিরের প্রবেশগেটের চাবি মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং নীট কনসার্ন কর্তৃপক্ষকে সতর্ক করা হয় বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
তবে মন্দিরের তালা পরিবর্তন ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে নীট কনসার্ন গ্রুপের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন