দুই মাসের ব্যবধানে ফের এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এই সফরের দ্বিতীয় দিন ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে পারে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, কপ৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্কে থাকবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য বৈঠকে দুই দেশের বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রসচিব। সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ড্রোন কারখানা স্থাপন ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, এগুলো সামরিক সহযোগিতার অংশ।
তবে বগুড়ায় ড্রোন কারখানা কিংবা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেন তিনি।
ঢাকার বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুরস্কের প্রতিষ্ঠান চেলেবির সহযোগিতার বিষয়েও এখনই সুনির্দিষ্ট কোনো চুক্তির কথা জানানো হয়নি। পররাষ্ট্রসচিবের ভাষ্য অনুযায়ী, এটি আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইন বৈঠক হওয়ায় সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতাই আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এদিকে, ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১২ নভেম্বর বিকেলে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তুরস্কের পক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া তুরস্ক সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারেক রহমান ও রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
আপনার মতামত লিখুন