লুটতরাজ’ সিনেমায় গল্প বদলে দিতির বদলে নায়িকা হন মৌসুমী, জানালেন কাজী হায়াৎ
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি মান্না ও মৌসুমীর প্রথম সিনেমা ‘লুটতরাজ’। প্রায় ২৮ বছর আগে মুক্তি পাওয়া কাজী হায়াৎ পরিচালিত সিনেমাটি সে সময় ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। তবে সিনেমাটির নেপথ্যে ছিল নায়িকা নির্বাচন ও গল্প পরিবর্তনের এক অজানা ঘটনা। সম্প্রতি সেই স্মৃতিই তুলে ধরেছেন নির্মাতা কাজী হায়াৎ।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে কাজী হায়াৎ জানান, ‘লুটতরাজ’ সিনেমায় প্রথমে মান্নার বিপরীতে প্রধান নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছিল অভিনেত্রী দিতিকে। দ্বিতীয় নায়িকা হিসেবে নেওয়ার কথা ছিল অঞ্জু ঘোষকে। এমনকি তাঁকে সাইনিং মানিও দেওয়া হয়েছিল।
তবে পরে মৌসুমী সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। নির্মাতা জানান, মৌসুমীর কাছের একজন তাঁর কাছে সিনেমার গল্প নিয়ে আলোচনা করার অনুমতি চান। এরপর মৌসুমী নিজেই কাজী হায়াতের সঙ্গে দেখা করে সিনেমাটিতে অভিনয়ের ইচ্ছা জানান। গল্প কিংবা চরিত্রের অবস্থান নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল না; কাজী হায়াতের সিনেমায় অভিনয় করাই ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
মৌসুমীর আগ্রহের পর তাঁকে সিনেমায় যুক্ত করা হয়। শুটিং শুরু হয় দিতিকে প্রধান নায়িকা রেখেই। কিন্তু সিনেমার অর্ধেক কাজ শেষ হওয়ার পর দর্শকের চাহিদার কথা বিবেচনা করে গল্পে পরিবর্তন আনেন পরিচালক। এতে মৌসুমীকে প্রধান নায়িকার জায়গায় নিয়ে আসা হয়।
কাজী হায়াৎ জানান, একপর্যায়ে দিতি তাঁকে প্রশ্ন করেছিলেন, সিনেমার শেষ পর্যন্ত কোন নায়িকা বেঁচে থাকবেন। তখন নির্মাতা তাঁকে জানান, গল্পের পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত দিতির চরিত্রটিকেই মৃ*ত্যুবরণ করতে হবে। এ কথা শুনে দিতি কিছুটা মন খারাপ করলেও শুটিং চালিয়ে যান।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, দিতি পরদিন আর শুটিংয়ে আসবেন না বলে তিনি আশঙ্কা করেছিলেন। কিন্তু অভিমান ও কষ্ট থাকা সত্ত্বেও দিতি শুটিংয়ে উপস্থিত হন এবং নিজের চরিত্রের কাজ শেষ করেন।
‘লুটতরাজ’ সিনেমার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেন প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তাঁর কণ্ঠে ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি মান্নার ঠোঁটে পর্দায় দেখা যায়।
মুক্তির পর ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মান্না-মৌসুমী জুটিও দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে।
আপনার মতামত লিখুন