দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সংরক্ষিত নারী সংসদ সদস্যের গাড়িবহরে হামলা-ভাঙচুর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে বহরে থাকা একটি গাড়ি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও কালাচান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
অন্যদিকে একই দিনে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে পৃথক কর্মসূচি পালন করে বিএনপির আরেকটি পক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীসহ দলীয় নেতাকর্মীরা।
দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি শেষে দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাওয়ার সময় নিউমার্কেটের কলেজ রোড এলাকায় মুখোমুখি হন। একপর্যায়ে উত্তেজনা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে থাকা বিএনপি নেতা এম এ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা দাবি করেন, তাঁর সামনেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। গাড়িবহর আটকে রাখা এবং কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানাবেন বলে জানান এই সংসদ সদস্য।
অন্যদিকে এ এফ এম তারেক মুন্সী বলেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল। ফেরার পথে অপর পক্ষের গাড়িবহর সামনে পড়লে কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে পড়েন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলেও জানান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মরিয়ুজ্জামান জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে এর আগেও দেবিদ্বার উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে। একই দিনে পৃথক কর্মসূচি ঘোষণা এবং দলীয় পদ থেকে উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়ার ঘটনাও স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি করেছে।
আপনার মতামত লিখুন