ওয়াসার পানির দাবিতে কথা বলায় কুরবান আলীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় জিডি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘ এক মাস ধরে সরকারি ওয়াসার পানি না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। পানির দাবিতে সাধারণ মানুষের পক্ষে সোচ্চার হওয়ায় কুরবান আলী নামের এক বিএনপি নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তার মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কুরবান আলী ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের বাসিন্দা এবং তিনি নিজেকে বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত নেতা বলে দাবি করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে কুরবান আলী বলেন, "দীর্ঘদিন ধরে ৮ নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। আমি সাধারণ মানুষের এই মৌলিক অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই বিএনপি নামধারী সন্ত্রাসী ও বখাটে আবুল হোসেনের রোষানলে পড়েছি।"
৭ নভেম্বর শনিবার তিনি অভিযোগ করে বলেন, ওয়ার্ডের বউবাজার পুল এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন ও তার সহযোগীরা তার ওপর বর্বরোচিত হামলা চালায়। তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। বর্তমানে বিষয়টি পুলিশ প্রশাসনের তদন্তাধীন রয়েছে।
গুরুতর আহত কুরবান আলী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, "আমি একজন সাধারণ মানুষের পানির অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে এই হামলার শিকার হয়েছি। আমি এই সন্ত্রাসী ও তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
আপনার মতামত লিখুন