নারায়ণগঞ্জে ধ্বংসস্তূপে পরিণত চৌরঙ্গী পার্ক
শীতলক্ষ্যা নদীর তীরের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের বরফকল ঘাট সংলগ্ন 'চৌরঙ্গী পার্ক'টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর এক মেগা প্রকল্পের আওতায় পার্কটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ বাস্তবায়িত ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য পার্কের নির্ধারিত জায়গাটি নির্বাচন করা হয়েছে। নদীপথে পণ্য পরিবহন জোরদার করা এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরজমিনে দেখা যায়, এক সময়ের সবুজ ও কোলাহলপূর্ণ চৌরঙ্গী পার্কের অবকাঠামো ভেঙে ফেলে ফাঁকা জায়গা তৈরির কাজ চলছে। রাইড ও বসার স্থানগুলো এখন ধ্বংসাবশেষে ঢেকে গেছে।
স্থানীয় অধিবাসীরা জানান, নগরীর সীমিত বিনোদন সুযোগের মধ্যে চৌরঙ্গী পার্কটি বরফকল ঘাট ও আশপাশের এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল। বিআইডব্লিউটিএ-এর কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হলেও, বিকল্প কোনো স্থানে নাগরিকদের জন্য দ্রুত বিনোদনমূলক পার্কের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন তারা।
প্রকল্প চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক আঞ্চলিক বাণিজ্যিক সুবিধা বাড়াতে খানপুর কন্টেইনার ও বাল্ক টার্মিনালটি অত্যন্ত গুরুত্ব বহস করে। তাই নির্ধারিত স্থানটি খালি করে মূল নির্মাণকাজের প্রস্তুতি জোরেশোরে চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন