বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক জমকালো ঈদ পুনর্মিলনী,মৌসুমী ফল উৎসব ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (শুক্রবার) বাদ আসর বন্দর ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতেই মূলত এই ভিন্নধর্মী উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের সভাপতি ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন "তরুণ সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও নৈতিক অবক্ষয় দূর করতে যুব সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি সুন্দর, সৎ ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
থানা যুব বিভাগের সভাপতি ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়ার পরিচালনায় থানা আমীর মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, থানা সেক্রেটারি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল ভূঁইয়া, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমীর হোসাইন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব বিভাগের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ফল উৎসবের ফল বিতরণ করেন। বক্তারা আগামী দিনেও যুব সমাজকে সাথে নিয়ে এ ধরনের ইতিবাচক ও সমাজ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন