টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা
টেকনাফে নবগঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উপজেলা পর্যায়ে এটাই প্রথম পরিচিতি সভা বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এফ এ সোহেল চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক নাছির উদ্দীন রাজ।
সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মিন্টু ও সদস্যসচিব মাহমুদুল হক মাহমুদ। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক জাহেদ উল্লাহ জিয়া, আল মামুন বোরহান, মো. মামুন সিকদার, নাছির উদ্দিন, শাহ কামাল রফিক, রবিউল আলম রুবিন ও শফিকুল ইসলাম মনিটসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের মেম্বারদের মধ্যে আকিব হোসেন, মেহেদী হাসান, ফয়েজ বিন এরশাদ, মো. আমিন ও ফরিদ আলম সভায় অংশ নেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় মাওলানা আবুবকর, ঈদগাঁও উত্তর যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং দক্ষিণ যুবদলের আহ্বায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, ঈদগাঁও উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসু উদ্দিন বাদল এবং ক্রীড়া ব্যক্তিত্ব মো. শাহ আলম, সাদ্দাম হোসাইন শাহী ও মমতাজ উদ্দিন জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলাধুলার মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়ার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, টেকনাফের তরুণদের মাদক, অপহরণসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের ক্রীড়ামুখী করার মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগঠনটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ক্রীড়াঙ্গনকে গতিশীল করার প্রত্যয়
সভাপতির বক্তব্যে এফ এ সোহেল চৌধুরী বলেন, টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর নেতৃত্ব এবং টেকনাফ উপজেলা বিএনপির পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, সংগঠনের সব মেম্বারকে সঙ্গে নিয়ে টেকনাফের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করা হবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রয়াত ডা. জোবাইদা রহমানের ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা কমিটির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ ইউনুছ মেম্বার-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন