নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে 'অদম্য জুলাই' ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্তর্গত সদর দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে ২ আগষ্ট রবিবার বর্ণাঢ্য আয়োজনে ‘অদম্য জুলাই আন্তঃ উপশাখা ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
তরুণ ও ছাত্রসমাজের মাঝে সুস্থ ক্রীড়াচর্চা, নৈতিকতাবোধ ও পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখা শিক্ষা সম্পাদক, ওবায়দুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর শাখা এইচ আর ডি সম্পাদক, আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসাইন রাজু বলেন, "তরুণ ও ছাত্রসমাজকে মাদক, নৈতিক অবক্ষয় এবং সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। 'অদম্য জুলাই'-এর চেতনাকে বুকে ধারণ করে ছাত্রসমাজ আগামী দিনে একটি সুশৃঙ্খল, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।"
সদর দক্ষিণ সাংগঠনিক থানার বিভিন্ন উপশাখার ফুটবল দলগুলোর অংশগ্রহণে টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্রীড়াঙ্গন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
উক্ত ক্রীড়া উৎসবে স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আপনার মতামত লিখুন