বন্দরে ডেঙ্গু প্রতিরোধে আনসারদের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প ও আবাসিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দর উপজেলা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী ক্যাম্পের এপিসি মো. রেজাউল করিমের নেতৃত্বে ক্যাম্পে উপস্থিত আনসার সদস্যদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে ক্যাম্প, আবাসিক এলাকা, উঠান, ড্রেন, নালা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে অপসারণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
এ সময় ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, কৌটা ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি অপসারণ করা হয়। পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ সচল রাখতে ড্রেন ও নালাও পরিষ্কার করা হয়।
পরে ফগার মেশিনের মাধ্যমে ক্যাম্প, উপজেলা কার্যালয় সংলগ্ন এলাকা ও আবাসিক এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও দীর্ঘ সময় পানি জমতে না দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
আপনার মতামত লিখুন