আওয়ামী লীগ নেতার জামিন করিয়ে আলোচনায় বিএনপি নেতা এড. আনোয়ার: ক্ষুব্ধ ভুক্তভোগীরা
নারায়ণগঞ্জ: ফতুল্লার সস্তাপুর ও কায়েমপুর এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, সাবেক চেয়ারম্যান ফাইজুল ও অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আলী আহম্মদ ও শাহাদাতকে জামিনে মুক্ত করার পেছনে জেলা বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির (বার) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
মিছিল-সমাবেশে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের এই সহযোগীকে টাকার বিনিময়ে জামিন পাইয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় ও হামলার শিকার ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার সস্তাপুর ও কায়েমপুর এলাকায় দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন আলী আহম্মদ। বিগত দিনে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষের ওপর হামলায় তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তবে প্রেক্ষাপট পরিবর্তনের পরও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে জামিনে মুক্ত করার পেছনে অ্যাডভোকেট আনোয়ারের মূল ভূমিকা রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
হামলার শিকার এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে সরাসরি নির্যাতন ও হামলার শিকার হয়েছি। আর এখন সুযোগসন্ধানী নেতারা মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের জামিন করিয়ে দিচ্ছেন। ক্ষমতার দাপট দেখানো সন্ত্রাসীদের এভাবে আইনি সুরক্ষা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
ভুক্তভোগীদের দাবি, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে থেকে ও বিএনপি নেতার পরিচয়ে অ্যাডভোকেট আনোয়ার রাজনৈতিক নৈতিকতা বিসর্জন দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আইনি সুবিধা দিচ্ছেন। টাকার বিনিময়ে সন্ত্রাসী ও অপরাধীদের জামিন করিয়ে তিনি ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো অভিযুক্ত আলী আহম্মদের জামিন বাতিল করে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, অর্থের বিনিময়ে অপরাধীদের সুরক্ষা দেওয়া নেতাদের বিষয়ে দলীয় পর্যায় থেকে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন